নৌকা মার্কায় ভোট চাইলেন সিলেটবাসীর কাছে শেখ হাসিনা
২১ জানুয়ারি ২০১৬, ১০:৪৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিলেটবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি সবার কাছে নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার নেন। নৌকায় ভোট চেয়ে বক্তব্য শেষ করে তিনি।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, যারা পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই। সবার বিচার হবে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা হানাদার বাহিনীর পক্ষে ছিল। তাদের বিচার আমরা শুরু করেছি। এদের মধ্যে অনেকেরই বিচার হয়েছে।
তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল জিয়াউর রহমান সেই বিচার বন্ধ করেছিলেন। আমরা সেই বিচার শুরু করেছি। সেই বিচার অব্যাহত থাকবে, বাংলাদেশ কলুষমুক্ত হবে।
সরকারপ্রধান আরো বলেন, একদিকে যেমন আমরা বিচারকার্য চালাচ্ছি, অন্যদিকে, উন্নয়ন কার্যক্রম করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে। তখনই উন্নয়ন হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমরা দেড় কোটি মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তা ছাড়া আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু করেছি।
এ দেশের কোনো মানুষ যাতে কষ্ট না পায়, ভিজিএফের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছি। তা ছাড়া আট হাজার পোস্ট অফিস ডিজিটাল করার কাজ চলছে। সেখানেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে।





























