দূরপাল্লার ও মহানগর রুটে বাসের নতুন ভাড়া নির্ধারণ: এক নজরে বিস্তারিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম


দূরপাল্লার ও মহানগর রুটে বাসের নতুন ভাড়া নির্ধারণ: এক নজরে বিস্তারিত

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সারা দেশে আন্তঃজেলা, দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে এই নতুন ভাড়ার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বাসের আসন সংখ্যার ওপর ভিত্তি করে ভাড়ার তারতম্য করা হয়েছে। সাধারণত ৫১ আসন ও ৪০ আসনের বাসের জন্য পৃথক দুটি ভাড়ার হার

দেশের অন্যতম ব্যস্ত রুট ঢাকা (সায়েদাবাদ)-চট্টগ্রামে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারিত হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। পর্যটন নগরী কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা। এছাড়া দেশের দীর্ঘতম রুট সায়েদাবাদ-টেকনাফ রুটে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১ হাজার ৪৭ টাকা (৫১ আসন) ও ১ হাজার ৩৩৫ টাকা (৪০ আসন)।

সিলেট রুটে যাতায়াতে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা গুনতে হবে যাত্রীদের। দক্ষিণাঞ্চলের রুট সায়েদাবাদ-বরিশালে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৬৪ ও ৫৯২ টাকা। খুলনা রুটে এই ভাড়া যথাক্রমে ৫৪১ ও ৬৯০ টাকা।

গাবতলী থেকে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রুটেও ভাড়ার তালিকা আপডেট করা হয়েছে। ঢাকা-পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী রুটে ভাড়া যথাক্রমে ৭৭৭ ও ৯৯১ টাকা এবং রংপুর রুটে ৭৫১ ও ৯১১ টাকা। এছাড়া দিনাজপুর রুটে যাত্রীপ্রতি ভাড়া পড়বে ৯৭৪ ও ১ হাজার ২৪১ টাকা।

মহাখালী টার্মিনাল থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা। জামালপুর রুটে এই ভাড়া যথাক্রমে ৩৮৬ ও ৪৯২ টাকা নির্ধারণ করেছে বিআরটিএ।

দূরপাল্লার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরীণ রুটেও পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর হবে। বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাস টার্মিনাল ও বাসে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জ্বালানি তেলের দাম সমন্বয়ের কারণে জনজীবনে যেন অতিরিক্ত প্রভাব না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

 

Ads