সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আজ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মে ২০২৬, ০৮:৫৪ এএম


সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আজ


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো শহরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার (২ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি প্রথমেই উপমহাদেশের প্রখ্যাত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

আধ্যাত্মিক এই জনপদে এটিই হবে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম কর্মসূচি। মাজার জিয়ারত শেষে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদীর তীরের ঐতিহাসিক চাঁদনিঘাট এলাকায় যাবেন। সেখানে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।এরপর এক সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবেন।

বেলা ১১টা ৩৫ মিনিটে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ‘বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রী সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে যাবেন। সেখানে বাসিয়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি, যা স্থানীয় কৃষিব্যবস্থা ও পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিকালে প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নয়নে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক বিশেষ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন তিনি। বিকাল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

 

Ads