ডেঙ্গুর নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৫, ০৪:৫৭ পিএম


ডেঙ্গুর নতুন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে

প্রতিদিনের চিত্র ডেক্স :: রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গবেষকরা বলছে, এবার নতুন ধরনের ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব দেখছেন তারা যেটি আক্রান্ত ব্যক্তির রক্তপাত, এমনকি জীবনহানির জন্যেও দায়ী হতে পারে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হিসেব অনুযায়ী রাজধানী এবং আশপাশে আগস্ট মাসে এ রোগে মোট ৭২৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর এ মাসে এখন পর্যন্ত প্রায় ৬০০ জনের মতো রোগী ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু গবেষণা বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল বলেন, এবার রক্তপাতসহ ডেঙ্গু হচ্ছে। এটাই হলো ভয়ের ব্যাপার। মানুষ মারা যাচ্ছে। গবেষণায় দেখা যায় ডেঙ্গুতে ৪ ধরনের ভাইরাস রয়েছে। কিন্তু এবার এর মধ্যে নতুন সেরোটাইপ পাওয়া যাচ্ছে আর সেটা হলো ডেঙ্গু -১।
চিকিৎসা সেবার বিষয়ে তিনি বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসার জন্যে সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই। এটা একটা বড় সমস্যা। জ্বর হলে জ্বরের ওষুধ দিতে হবে। তাই চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। মোহাম্মদ সোহেল বলেন, এটা মূলত ম্যানেজমেন্টের বিষয়। তবে আক্রান্ত ব্যক্তির কোনো স্থান থেকে রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

সূত্র : বিবিসি 

Ads