কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর মাটির নিচে মিলল যুবকের লাশ
১৬ অক্টোবর ২০১৯, ০৩:১৬ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ মঙ্গলবার রাতে নিখোঁজের ৪ দিন পর পৃথিমপাশা ইউনিয়নের পুটিছড়া পানপুঞ্জি থেকে পাহারাদার ইছমত আলী (৪০) নামে একজনের লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
মৃত ইছমত আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য মৃত ইছহাক আলীর ছেলে বলে জানাগেছে।
পুলিশ জানায়, ইছমত পুঁটিছড়া পানপুঞ্জির পার্শ্ববর্তী বিরোধপূর্ণ লম্বাছড়া পানপুঞ্জির পাহারার দায়িত্বে ছিলেন। শুক্রবার (১১ অক্টোবর) থেকে ইছমতের কোন খোঁজ না পাওয়ায় সোমবার(১৪অক্টোবর) তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
ডায়েরির প্রেক্ষিতে মঙ্গলবার বিভিন্ন তথ্যের সূত্রে রাত ৯টার দিকে স্থানীয় পুঁটিছড়া পানপুঞ্জিতে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী পুলিশসহ অভিযান চালিয়ে মাটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, লাশের সুরতহাল শেষে বুধবার (১৬অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
















