এপ্রিলজুড়েই থাকবে গরমের দাপট
০৬ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম
ছবি- সংগৃহীত।
আবহাওয়া অধিদপ্তর যে খবর দিচ্ছে, তাতে গরম কমার কোনো পূর্বাভাস নেই। বরং এপ্রিলজুড়েই গরমে এমন নাভিশ্বাস উঠবে। হতে পারে বৃষ্টিও। ঈদের সময় স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকবে। এরই মধ্যে ঢাকাসহ দেশের চারটি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। তাই এসব এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বর্তমানের আবহাওয়া অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করবে। এপ্রিলজুড়েই সারাদেশে তাপপ্রবাহ থাকবে।
আগামী রোববার দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমবে না। আর ঈদের সময় তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় বেশি। রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হবে– বলছে আবহাওয়া অফিস।
এদিকে, দিনভর তীব্র গরমে নাকাল জনজীবন। সকাল থেকেই তাপ ছড়াতে শুরু করে সূর্য। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে তাপ বাড়তেই থাকে। এমনিতেই রোজার মাস, এর ওপর আবার চৈত্রের তাপদাহ। সব মিলিয়ে নাভিশ্বাস জনজীবনে। আর এমন গরমে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।



































