ব্রাহ্মণবাড়িয়ায় সড়কেই প্রাণ গেলো বাউলশিল্পীর
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১ পিএম
ছবি- সংগৃহীত।
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাউলশিল্পী জামাল হোসেন (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ অপর তিনজন। তন্মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে পাঠানো হয়েছে ঢাকায়।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাউলশিল্পী ও গীতিকার জামাল হোসেন রাজধানী ঢাকার কচুক্ষেত এলাকার বাসিন্দা। আহতেরা হলেন, আখাউড়া উপজেলা সদরের তারাগণ গ্রামের সিএনজিচালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকা কচুক্ষেত এলাকার সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) এবং নবীনগর উপজেলার রাধানগর গ্রামের ইয়াসিন মিয়া (২৮)। তন্মধ্যে সিএনজিচালক সিদ্দিককে আশঙ্কাজক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
আহত সংগীতশিল্পী আলামিন মিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার জেলার আখাউড়া মোগড়া ইউনিয়নের আউড়ারচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরশ ছিলো। প্রতিবছরের ন্যায় বাউলশিল্পী জামাল হোসেনের নেতৃত্বে চারজন শিল্পীর একটি দল মঙ্গলবার রাতে শহীদ ফকিরের ওরশে যাওয়ার জন্য রওনা করেন। রাত অনুমান আটটার দিকে তাদের বহনকারী সিএনজিটি কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার উড়শিউড়া নামক স্থানে পৌঁছানোর পর বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাউলশিল্পী ও গীতিকার জামাল হোসেন মারা যায় এবং অপর তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করেন। পরে সিএনজিচালক সিদ্দিক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকায় এবং অপর দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের মরদেহের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত তিনজনের মধ্যে সিএনজি চালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয় এবং অপর দু'জন ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসাধীন।'

































