নাসিরনগরে সাঁকো পারাপারকালে ভাই-বোনের মৃত্যু
০৭ জুলাই ২০২২, ০৬:৫৭ পিএম
ছবি- সংগৃহীত।
বাঁশের সাঁকোই কাল হলো ভাই-বোনের জন্য। খালের উপর থাকা বাঁশের সাঁকো পারাপারকালে তাজিমা (৭) ও জিহাদ (১০) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মর্মন্তুদ এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা এলাকার।
বৃহস্পতিবার (০৭ জুলাই) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামে ঘটে এই মর্মান্তিকতা। মারা যাওয়া জিহাদ ও তাজিমা মাছমা গ্রামের মকবুল মিয়ার সন্তান।
দুই শিশুর পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ভাই-বোন বাড়ি থেকে বাঁশের সাঁকো দিয়ে খাল পার হচ্ছিলো। সাঁকো পারাপারকালে তাজিমা পিছলে পানিতে পড়ে যায়। বিষয়টি দেখে ছোট বোনকে বাঁচাতে জিহাদ এগিয়ে গেলে সেও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) হাবিবুল্লাহ্ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'





























