বর্ণিল আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন
০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজন। আজ শনিবার (২রা ডিসেম্বর) সকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামের আউটডোরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউ,পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুনায়েদ কবীর সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ জাহাঙ্গীর আলম, ডিজিএফআইয়ের কমান্ডার আ. স. ম. বদিউল আলম, খাগড়াছড়ির জোন কমান্ডার লেঃ মোঃ কর্নেল আবুল হাসনাত, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা সহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও ব্যাপক উন্নয়ন হয়েছে। পাহাড়ে দীর্ঘ বছরের ভ্রাতৃঘাতী সংঘাত সহ অশান্তি ছিলো। কিন্তু বর্তমান সরকারের স্বদিচ্ছায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির কারণে পাহাড়ে শান্তি ফিরে আসছে। পাহাড়ে এখন শান্তি, সম্প্রীতি, উন্নয়ন সমৃদ্ধি হয়েছে। এর ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এর আগে স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক এবং সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন ব্যবস্থাপনায় ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।































