কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অয়ন আহমেদ

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম


কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এমন প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদেরও সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মসংস্থানের উপযোগী নয়—এমন শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে হবে। শিক্ষাকে আরও বাস্তবসম্মত ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দিতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় দক্ষতা বাড়ানোর মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশের শ্রমবাজারেও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

Ads