বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে কাজ বন্ধ
১৬ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম
বীরগঞ্জে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে কাজ বন্ধ
দিনাজপুরের বীরগঞ্জে নিম্নমানের ইটের খোয়া দিয়ে গ্রামীণ সড়কের নির্মাণ কাজ বন্ধ করলেন উপজেলা প্রশাসন ও এলাকাবাসী। সোমবার (১৫ জুলাই ) দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের হাবলুহাট সংলগ্ন শীতলাই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার সুজালপুর ইউনিয়নের হাবলুহাট হতে শীতলাই গ্রামীণ সড়কে নিম্নমানের ইট দিয়ে চলছে নির্মাণ কাজ। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মান করার অভিযোগে এলাকাবাসী ও সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী অফিসের কার্য সহকারী কামরুজ্জামান কাজ বন্ধ করেন।
এরআগে আল আমিন ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট কাজটি কিনে নিয়ে ঠিকাদার সিদ্দীকের নির্দেশে তার ভাগিনা লিটন কে দিয়ে গোপনে আধা কিলোমিটার রাস্তার জন্য প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে শীতলাই গ্রামীণ সড়কে সোমবার নিম্নমানের ইট ফেলে এবং কাজ করার চেষ্টা করে।
অভিযোগ ভিত্তিতে কাজ চলাকালীন অবস্থায় উপজেলা এলজিইডি'র সাব ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিক কাজ বন্ধ করেন। মেসার্স আল আমিন ট্রেডার্সের পক্ষে সিদ্দিকের সঙ্গে কথা বলার জন্য বার বার ফোন করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
সুজালপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম বলেন, নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তার কাজের বিষয়ে জানতে পেরে উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদকে অবগত করেছি।
উপজেলা প্রকৌশলী মোঃ জিবরীল আহমেদ বলেন, অফিসকে না জানিয়ে গোপনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে। অথচ লিখিত ভাবে তাকে নিষেধ করা হয়েছে। নিজে ইচ্ছে মতো দায়সারা কাজ করলে বিল আটকে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী বলেন, কোন মতেই নিম্নমানের নির্মান কাজ মেনে নেয়া হবে না। উপজেলা প্রকৌশলী কে এ ব্যপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

































