খাগড়াছড়ি গুইমারা ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম'র ৫ম কাউন্সিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) এর গুইমারা উপজেলা শাখার ৫ম কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর, ২০২৪) অনুষ্ঠিত হয়েছে। সিন্দুকছড়ির সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই দিনব্যাপী সম্মেলনে "ঐক্য শিক্ষা প্রগতি" এ তিনটি মূলনীতিকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, প্রযুক্তি এবং সমাজ উন্নয়নের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য উদ্ভুদ্ধ করা হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, গুইমারা উপজেলা শাখার সভাপতি অটুল ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা ১৯৯২ সালে প্রতিষ্ঠিত টিএসএফ-এর কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা জানান, এই সংগঠনটি সূচনালগ্ন থেকেই ত্রিপুরা সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় ভর্তি, ক্যারিয়ার প্ল্যানিং, স্কুল-কলেজের ফরম ফিলাপ, ভর্তির সহযোগিতা প্রদান করছে। এছাড়া, টিএসএফ স্বেচ্ছায় রক্তদান, কুসংস্কার বিরোধী প্রচারণা, হাসপাতাল রোগীদের সেবা প্রদান, শিক্ষা সচেতনতা ও সমাজ সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে জাতিগত ঐক্য বজায় রেখে শিক্ষার্থীদের পড়াশোনা এবং কারিগরি শিক্ষা অর্জনে মনোনিবেশ করার আহ্বান জানান। তারা বলেন, "শুধু পোশাকে নয়, কাজ, বুদ্ধি ও চালচলনে স্মার্ট হতে হবে।" ত্রিপুরা শিক্ষার্থীদের হতাশ হয়ে না থেকে নিজেদের পরিবারের, জাতির এবং দেশের উন্নতির জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা আঞ্চলিক শাখার সাবেক সভাপতি ও হেডম্যান ত্রিদ্বীপ নারায়ণ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হরিপদ্ম ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের গুইমারা আঞ্চলিক শাখার সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, সুকান্ত মহাজন পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুদীপ্ত ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের গুইমারা আঞ্চলিক শাখার সভাপতি অনন্ত বিকাশ ত্রিপুরা, এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সিন্দুকছড়ি উপ-আঞ্চলিক শাখার সভাপতি চনেন্দ্র ত্রিপুরাসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
দ্বিতীয় অধিবেশনে, গুইমারা উপজেলা শাখার পুরানো কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি নাম ঘোষণা করেন শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির আহবায়ক ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিুপরা। নব-গঠিত ২০২৫-২৬ কার্যকরী কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন খুমিতা ত্রিপুরা, সাধারণ সম্পাদক পদে দীপক ত্রিপুরা, এবং সাংগঠনিক সম্পাদক পদে গহিতা ত্রিপুরা। ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরও আছেন সহ-সভাপতি পদে হেদন কুমার ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিনা ত্রিপুরা, অর্থ সম্পাদক পদে পরিতোষ ত্রিপুরা, তথ্য ও প্রচার সম্পাদক অনিময় ত্রিপুরা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লপন ত্রিপুরা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুচিন ত্রিপুরা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বিটুন ত্রিপুরা, ছাত্রী বিষয়ক সম্পাদক খুনিতা ত্রিপুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক দহিতা ত্রিপুরা এবং আরও পাঁচজন কার্যনির্বাহী সদস্য। নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
শেষে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এবং খাগড়াছড়ি জেলা শহর থেকে ‘য়ারং ড্যান্স গ্রুপ’র পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও শিল্পকলার উজ্জ্বল প্রদর্শনী ছিল।

































