অসহায় বৃদ্ধ দম্পতির জীবন সংগ্রাম: সরকারি সহায়তার অভাবে ঝুপড়ি ঘরে কাটছে শেষ বয়স
২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম
খাগড়াছড়ি সদর উপজেলা, পেরাছড়া ইউনিয়নের বেলতলী পাড়ার বসবাস করা ৭৩ বছর বয়সী বরেন্দ্র লাল ত্রিপুরা এবং তার ৭০ বছর বয়সী স্ত্রী প্রভাতী বালা ত্রিপুরার জীবন এক অসহনীয় সংগ্রামে পরিণত হয়েছে। ঝুপড়ি ঘরে মাথাগোঁজার ঠাঁই হয়ে থাকা এই দম্পতি দীর্ঘদিন ধরে একে অপরের সহায়তায় বেঁচে আছেন, তবে তারা একটি সম্মানজনক জীবনযাপন বা সরকারের সহায়তা থেকে অনেক দূরে।
বরেন্দ্র লাল, যিনি অন্যের জমিতে কৃষি কাজ করে কোনো রকম সংসার চালান, জানিয়েছেন যে তাদের জন্য সরকারি কোন ঘর বরাদ্দ হয়নি। তিনি আরও বলেন, "আমি শুনেছি সরকার ভূমিহীনদের জন্য ঘর দেয়, তবে আমাদের জন্য কেউ কিছু করেনি। একটা ঘর পেলে অন্তত বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।"
স্থানীয় এলাকার যুব প্রতিনিধি স্নেহময় ত্রিপুরা এই দম্পতির পরিস্থিতি সম্পর্কে বলেন, "তাদের ছেলেমেয়েরা তাদের পাশে নেই, তারা একেবারেই অসহায়। জনপ্রতিনিধিরা যদি তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেন, তাহলে অন্তত তাদের জীবনযাত্রার মান একটু উন্নত হতে পারে।"
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা আরও যোগ করেন, আমরা তাদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে আবেদন করছি। তাদের অবস্থার পরিবর্তন করা প্রয়োজন।
পেরাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য চনিতা ত্রিপুরা জানান, "আমরা তাদের ভাতা প্রদান করে সাহায্য করছি, তবে তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা অত্যন্ত জরুরি। ইউনিয়ন পরিষদের বাজেট সীমিত, তাই বৃহত্তর সহায়তার জন্য জেলা প্রশাসন ও সরকারের সহযোগিতা প্রার্থনা করছি।

































