মাটিরাঙ্গায় নারী উদ্যোক্তাদের নিয়ে পণ্য প্রদর্শনী মেলা শুরু
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ পিএম
"নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। যেখানে দেশীয় হস্তশিল্প থেকে শুরু করে ঐতিহ্যবাহী খাবারসহ নানা পণ্য প্রদর্শিত হচ্ছে।
"নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় মহিলা সংস্থার অধীনে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে এই মেলা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।"
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষকরা। অতিথিরা বলেন, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়নে ভূমিকা রাখছে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, নারী উদ্যোক্তাদের জন্য এই ধরনের মেলা খুবই গুরুত্বপূর্ণ। তারা এখানে নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারছেন, যা তাদের স্বাবলম্বী হওয়ার পথ প্রশস্ত করবে।
এক নারী উদ্যোক্তা জানান, আমি এই মেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। এখানে আমরা আমাদের হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছি। আশা করছি, নতুন ক্রেতাদের কাছে পৌঁছতে পারব।
৩৫টি স্টল নিয়ে আয়োজিত এই মেলায় রয়েছে হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার, গহনা ও বিভিন্ন ধরনের দেশীয় পণ্য। আয়োজকদের দাবি, এ ধরনের উদ্যোগ নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং নতুনদের অনুপ্রাণিত করবে।
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই নারী উদ্যোক্তা মেলা। নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহই বলে দিচ্ছে, এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

































