জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম


জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে খাগড়াছড়িতে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা


জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং শ্রেষ্ঠ পাঠাগারগুলোর মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের ভেন্যুতে এসে শেষ হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, "জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আলোকিত সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। খাগড়াছড়ির শিক্ষা খাতকে এগিয়ে নিতে পাঠাগারের প্রসার জরুরি।"  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আহ্বায়ক শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল আলম, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কালাম আজাদ।  

জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক (লাইব্রেরিয়ান) ওয়েন চাকমা স্বাগত বক্তব্য প্রদান করেন।  

আলোচনা সভা শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারের নিবন্ধিত তিনটি শ্রেষ্ঠ পাঠাগারকে পুরস্কৃত করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।  

অনুষ্ঠানে বক্তারা বইপাঠের গুরুত্ব এবং আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

Ads