বদলগাছীর পর্যটন কেন্দ্র উন্নয়নে নতুন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম


বদলগাছীর পর্যটন কেন্দ্র উন্নয়নে নতুন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমি হস্তান্তর

 

উনেস্কো স্বীকৃত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রত্ননিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার এখন আধুনিক ও নিরাপদ সড়কযোগে আরও সহজে পৌঁছানোর পথে। পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নতুন দৃষ্টিনন্দন সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি আনুষ্ঠানিকভাবে সড়ক বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম মামুন নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হক-এর হাতে জমির নথিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু, জমির মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, প্রায় ১৫০০ বছরের প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শনে পৌঁছাতে এখনো পর্যন্ত পর্যটকদের সরু ও ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহার করতে হয়। নতুন সড়ক নির্মিত হলে ভ্রমণ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে, ফলে দেশি-বিদেশি পর্যটকরা সহজে পাহাড়পুরের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল হক বলেন, এই সড়ক নির্মাণ প্রকল্প কেবল ভ্রমণ সহজ করবে না, বরং পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে নওগাঁর পর্যটন সম্ভাবনাকেও আরও প্রসারিত করবে। আমরা চাই, দেশ-বিদেশের দর্শনার্থীরা নিরাপদ ও আধুনিক পরিবেশে এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শন করতে পারেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্প বাস্তবায়িত হলে নওগাঁ জেলার পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। নতুন সড়কটি হবে ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক অবকাঠামোর এক অনন্য সংযোগ, যা দেশের পর্যটন মানচিত্রে পাহাড়পুরকে আরও বিশেষভাবে তুলে ধরবে।
 

Ads