প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, যাচ্ছেন শ্রীমঙ্গল

শহীদ আহমদ খান

১৭ জুন ২০২৬, ১০:৫৩ এএম


প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, যাচ্ছেন শ্রীমঙ্গল

 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সিলেট বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতি শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। দলীয় নেতাকর্মী ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দলীয় নেতাকর্মী ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সিলেট পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি স্থানীয় জনসাধারণের মাঝে 'কৃষক কার্ড' ও 'ফ্যামিলি কার্ড' বিতরণসহ বিভিন্ন সামাজিক ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর মৌলভীবাজারে আরও বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই প্রথম সফরকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেট বিমানবন্দর এলাকা এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে পুরো নগরী জুড়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিমানবন্দর, সড়কপথ এবং জনসভাস্থলসহ পুরো রুটজুড়ে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মৌলভীবাজারের কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যা পৌনে ৬টায় তিনি পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। পরবর্তীতে রাত সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে তার যাত্রা করার কথা রয়েছে।

 

Ads