মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার
১৮ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।
বিজিবির যামিনীপাড়া জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে বিশেষ চেকপোস্ট বসায় বিজিবির একটি টহল দল। রাত আনুমানিক আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে এলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলটির চালক প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরিয়ে তাইন্দংয়ের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। একপর্যায়ে আরোহীরা মোটরসাইকেলটি ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তাঁর ভাষ্য অনুযায়ী, খাগড়াছড়িতে এ ধরনের মাদক উদ্ধারের ঘটনা এটাই প্রথম।
তিনি বলেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় উদ্ধার করা পিস্তল, গুলি, মাদক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
























