বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২১ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম
স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয় নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সমাজচিন্তক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি গণমাধ্যমকর্মীদের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হয়। বক্তারা সাংবাদিকতাকে আধুনিক শ্রম ও শিল্প আইনের আওতায় এনে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দাবি জানান।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তথ্য ভবনের তৃতীয় তলায় দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুল হক মজু।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, সুরক্ষা ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে এবং সরকার সাংবাদিকদের কাজের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করেছে। তবে এই স্বাধীনতার সুযোগ নিয়ে যাতে অপসাংবাদিকতা, ব্ল্যাকমেইলিং বা ভুয়া নিউজের মাধ্যমে চাঁদাবাজির সংস্কৃতি তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, অতীতে যারা সাংবাদিকতার আড়ালে ফ্যাসিবাদের দালালি, গুম-খুন ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে সহযোগিতা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি সব মাধ্যম মিলে একটি আধুনিক ও স্বচ্ছ ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার কাজ করছে বলে তিনি জানান।
প্রধান আলোচক অ্যাডভোকেট জয়নাল আবেদিন এমপি ফাউন্ডেশনের মানবিক ও নিরাপত্তামূলক উদ্যোগের প্রশংসা করে এই কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। বিশেষ অতিথি হাবীবুর রহমান হাবীব বলেন, রাষ্ট্র ও সমাজের সব স্তরের মানুষের উচিত সাংবাদিকদের সম্মান জানানো ও তাদের কাজে পূর্ণ সহযোগিতা করা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রয়াত সাংবাদিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া এবং অসুস্থ ও অসহায় গণমাধ্যমকর্মীদের মানবিক সহায়তা প্রদান। বক্তারা বলেন, প্রতিকূল পরিবেশে কাজ করতে গিয়ে সাংবাদিকরা নানা ঝুঁকি ও মামলা-হামলার মুখে পড়েন। তাই তাদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠন ও আইনি সহায়তা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে সংগঠনের সারাদেশের বিভিন্ন জেলা কমিটি অনুমোদন করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের মহাসচিব তালুকদার রুমির পরিচালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান তাজুল ইসলাম হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তোফায়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসেন, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহম্মেদ রনি, আরজেএফ-এর চেয়ারম্যান জহিরুল ইসলাম ও বিএনএন নিউজের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালি , কেক কাটা, আলোচনা সভা, সম্মাননা ও অর্থ সহায়তা বিতরণের পর বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। আগামী দিনেও সাংবাদিকদের সার্বিক কল্যাণ ও অধিকার আদায়ে ফাউন্ডেশন আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন।

























