ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭৮

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম


ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭৮

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন চারজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৫২ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৯৮ জনে।

একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৮০৯ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৬৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৫৮ জন, বরিশালে ২৬০, খুলনায় ২৫৬, রাজশাহীতে ২০৯, রংপুরে ১০১, ময়মনসিংহে ৯৪ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।

Ads