ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, একদিনে প্রাণ গেল ৬ জনের
০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহতভাবে উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৫১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন, খুলনা বিভাগে ৩৩০, রাজশাহী বিভাগে ২২৪, বরিশাল বিভাগে ২০৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬, ময়মনসিংহ বিভাগে ৯৯, রংপুর বিভাগে ৮৩ এবং সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ১২০ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনা বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ২৪, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, রাজশাহী বিভাগে ১৮, রংপুর বিভাগে ছয় এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

























