সিরিয়ায় বিমান হামলায় নিহত ৫০
২০ এপ্রিল ২০১৬, ০৫:০৭ পিএম
আন্তজাতিক ডেস্ক :: সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দু’টি মার্কেটে সরকারী বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলো।
মঙ্গলবার বিকেলে প্রদেশটির মারাত আল নুমান ও কাফর নুবল শহরে এসব হামলা চালানো হয়।
এদিকে সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, মারাত আল নুমানে ৪০ জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন নিহত হয়েছে কাফরানবেলে। এছাড়া আহত হয়েছেন ৮০ জনেরও বেশি। শহর দু’টি আসাদবিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।
মানবাধিকার মনিটরিং গ্রুপটি জানিয়েছে, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে। গত কয়েকদিনের সহিংসতায় সাত সপ্তাহ ধরে চলা সরকার ও বিদ্রোহীদের মধ্যে থাকা অস্ত্রবিরতি এখন ভেঙ্গে পড়ার সম্মুখীন।
একই দিন জাতিসংঘের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে জেনেভা শান্তি আলোচনা থেকে সরে দাঁড়ায় সিরিয়ার প্রধান বিরোধীজোট উচ্চ মধ্যস্থতাকারী কমিটি - এইচএনসি।

























