বাংলাদেশে তিস্তার পানি না দিতে অনড় তা আবারো জানিয়ে দিলেন মমতা
২৫ এপ্রিল ২০১৭, ০৪:০২ পিএম
পশ্চিমবঙ্গ রাজ্যের স্বার্থ বিঘ্নিত করে তিস্তার পানি বাংলাদেশে পাঠানোর ব্যাপারে তাঁ অনড় অবস্থানের কথাই আবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক শেষে তিস্তার পানি বণ্টন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের রাজ্যের ব্যাপারটা বুঝতে হবে। আমরা সবাইকে ভালোবাসি। বাংলাদেশকে খুব ভালোবাসি। বাংলার মানুষের পানি পাওয়ার পর যদি আরো পানি থাকে তবে নিশ্চয় দেব। কিন্তু বাংলার মানুষই যদি পানি না পান সেটা আমরা কী করতে পারি? আগে তো আমরা দিয়েছি। ফরাক্কার পানি তো দিয়েছি। আমি তো ইতিমধ্যেই বলেছি তিস্তার বদলে তোর্সা, মানসাই এগুলি নিয়ে আলোচনা হোক।
সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী তোর্সা, মানসাই নিয়ে বিকল্প ব্যবস্থা করার পক্ষেই মত দিয়েছিলেন।
মমতা সোমবারের বক্তব্যের মাধ্যমে তিস্তার পানি নিয়ে তার অনড় অবস্থানের কথা কেন্দ্র এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দিলেন বলেই মত রাজনৈতিকমহলের।

























