কলকাতায় ফ্লাইওভার ধসে বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ ২০১৬, ০৮:৩১ পিএম


কলকাতায় ফ্লাইওভার ধসে বহু হতাহতের আশঙ্কা

আন্তজাতিক ডেস্ক :: আজ বৃহস্পতিবার কলকাতার ব্যস্ততম গণেশ টকিজ এলাকার বারোবাজারে নির্মাণাধীন একটি উড়ালসেতু (ফ্লাইওভার) ধসে পড়েছে। এনডিটিভি বলছে, এখন পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

খবরে বলা হয়, বেলা ১২টার দিকে বিবেকানন্দ উড়ালসেতুটি ভেঙে পড়ে। ওই সময় সেখানে প্রচুর লোকের ভিড় ছিল। কয়েকটি গাড়িও ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, প্রায় দেড় শতাধিক লোক ওই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

জিনিউজের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে কংক্রিটের স্ল্যাব কেটে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চলছে। বিপর্যয়ে গোটা মধ্য কলকাতায় যান চলাচল বন্ধ রয়েছে।

একজন উদ্ধারকর্মী জানিয়েছেন, ইতোমধ্যেই কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধসের ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয় পড়ে। মধ্য কলকাতায় যান চলাচল একেবারে বিপর্যস্ত। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে। উদ্ধারকাজে সাধারণ মানুষও যোগ দিয়েছেন।

Ads