৮০ শতাংশ নারীর ট্রাম্পকে ‘না’

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল ২০১৬, ০৪:৩১ পিএম


৮০ শতাংশ নারীর ট্রাম্পকে ‘না’

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রাইমারি নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের দুঃসংবাদ। সংবাদটি সবাইকে চমকে দেয়ার মত।

ওয়াশিংটন পোস্ট ও এবিসি টিভির সর্বশেষ জনমত জরিপ বলছে, উইসকনসিন অঙ্গরাজ্যে তাকে ‘অপছন্দ’ করে এমন মার্কিনের সংখ্যা ৬৭ শতাংশ। শুধু নারীদের হিসাব নিলে অঙ্কটা বেড়ে দাঁড়ায় ৮০ শতাংশ। হিস্পানিক অর্থাৎ লাতিন বংশোদ্ভূত স্প্যানিশভাষী ভোটারদের ৮৫ শতাংশ তাকে অপছন্দ করেন।

এমন বিরূপ পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার উইসকনসিন অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচনে অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন পোস্ট ও এবিসি টিভির এই জরিপ সঠিক হলে গত ৩২ বছরে যুক্তরাষ্ট্রের দুই প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির মধ্যে ট্রাম্পের মতো এমন ‘অজনপ্রিয়’ প্রেসিডেন্ট প্রার্থী আর দেখা যায়নি।

সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে, ট্রাম্পের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে উইসকনসিনের প্রাইমারি নির্বাচনের ওপর। ট্রাম্প আশা করেছিলেন, এই রাজ্যের শ্বেতকায় মধ্যবিত্ত ও কর্মজীবীদের ভোটে তিনি তার দলীয় প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ ও গভর্নর জন কেইসিককে সহজেই হারিয়ে দেবেন। কিন্তু সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে, ক্রুজ তার চেয়ে ১০ শতাংশ বা তার চেয়ে বেশি পয়েন্টে এগিয়ে আছেন।

অধিকাংশ বিশ্লেষক একমত, গত দুই সপ্তাহ ট্রাম্প একের পর এক কৌশলগত ভুল করেছেন।

ভোটারদের নেতিবাচক মনোভাবে আক্রান্ত ট্রাম্প একা নন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনও ৫২ শতাংশ ভোটারের চোখে ‘গ্রহণযোগ্য নন’। শুধু রিপাবলিকান বা স্বতন্ত্র ভোটাররাই নন, তার ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরেও অধিকাংশ মানুষ সন্দিহান। তিনি উইসকনসিনে জিতবেন না, এই সিদ্ধান্তে পৌঁছানোর পরে হিলারি প্রচারণার নজর সরিয়ে এনেছেন নিউইয়র্কসহ পূর্বাঞ্চলে। এ সপ্তাহে হিলারি ও বার্নি উভয়েই নিউইয়র্কের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ব্রঙ্কসে জোর প্রচারণা চালান।

Ads