চিকিৎসা বিজ্ঞানে তিন নোবেল বিজয়ী
০৫ অক্টোবর ২০১৫, ১১:৪২ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে ২০১৫ সালের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে তিনজন চিকিৎসাবিজ্ঞানী এই পুরস্কার পেয়েছেন।
নোবেল বিজয়ীরা হলেন- জাপানের সাতোশি ওমুরা, চীনের ইউইউ তু ও আইরিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক উইলিয়াম সি ক্যাম্পবেল। এরমধ্যে ইউইউ তুই চীনের প্রথম চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন।
সোমবার নোবেল কমিটি সুইডেনের স্টকহোম থেকে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
চীনের ইউইউ তু ম্যালেরিয়ার চিকিৎসায় নতুন পদ্ধতি আবিষ্কার করায় নোবেল পেয়েছেন। আর পরজীবী কেঁচোকৃমির কারণে সৃষ্ট ইনফেকশনের বিরুদ্ধে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করায় ক্যাম্পবেল ও সাতোশি নোবেল পেয়েছেন।
পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, এই আবিষ্কার এসব রোগে আক্রান্ত লাখ লাখ মানুষের জীবনে অবদান রেখেছে।
পদার্থ বিজ্ঞান রসায়ন ও অর্থনীতিতে মৌলিক আবিষ্কারের জন্য স্টকহোম থেকে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে চলতি সপ্তাহের পরের দিকে । আর নরওয়ের অসলো থেকে শান্তিতে নোবেল দেওয়া হবে।
সাহিত্যে নোবেল দেয়ার তারিখ এখনো ঠিক করা না হলেও আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবার নাম ঘোষণা করা হতে পারে।

























