নিউ ইয়র্কে একদল যুবকের হাতে প্রহৃত বাংলাদেশী
১৯ জানুয়ারি ২০১৬, ০৫:৪০ পিএম
আন্তজাতিক ডেস্ক :: বাংলাদেশী মুজিবুর রহমান (৪৩) নিউ ইয়র্কের ব্রোঙ্কসে একদল যুবকের হাতে প্রহৃত হয়েছেন। তার ৯ বছর বয়সী ভাতিজির সামনে তাকে প্রহার করতে করতে মাটিতে ফেলে দেয়। লাথি মারে।
এ খবর দিয়েছে লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, হামলাকারীরা তাকে আইসিস, আইসিস বলে স্লোগান দিয়ে এ হামলা চালায়। কেন এ ঘটনার তদন্ত করছে নিউ ইয়র্ক পুলিশ।
তারা মনে করছে, এটা একটি হেট ক্রাইম। হামলার পর মুজিবুর রহমানকে একটি এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় জ্যাকবি মেডিকেল সেন্টারে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ বলেছে, আহত মুজিবুরের ভাতিজি শারীরিকভাবে অক্ষত রয়েছে। তবে তার মধ্যে মারাত্মক মানসিক আঘাত বিরাজ করছে।
মুজিবুর রহমান বলেছেন, তার ভাতিজি তার পর থেকে ঘুমাতে পারছে না। আর স্কুলে যেতে চাইছে না।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হেট ক্রাইমস টাস্কফোর্স তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্রোঙ্কস বরোর প্রেসিডেন্ট রুবেন ডিয়াজ এমন হামলার নিন্দা জানিয়েছেন।
নিউ ইয়র্কের দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার) এ হামলা তদন্তের জন্য এফবি আইকে দায়িত্ব দেয়ার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে মুসলিমদের ওপর ক্রমবর্ধমান অবমাননার এটি একটি হামলা। ওই সংগঠনের নিউ ইয়র্ক শাখার পরিচালক সাদিয়া খালিক বলেছেন, আমেরিকার মুসলিমদের ওপর হামলা সহ্য করা হবে না- হামলাকারীদের কাছে এমন পরিষ্কার বার্তা পৌঁছানোর জন্য এ ঘটনায় এফবি আইয়ের উৎস ব্যবহার করে তদন্ত করা উচিত।

























