দ্বিপাক্ষিক সুসম্পর্ক রক্ষায় মার্কিন সরকারকে সহযোগিতার আহ্বান জানালেন দেলসি রদ্রিগেজ
০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় রোববার রাতে তিনি দায়িত্ব নেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে একটি ছবি প্রকাশ করা হয়েছে। ওই ছবিতে দেলসিকে প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে দেখা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেলসি জানান, সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান দেলসি।
ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে দেলসি ওই বিবৃতিতে আরও জানান, ‘আমাদের জনগণ ও আমাদের অঞ্চল শান্তি ও সংলাপ চায়। যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বরাবর এই বার্তা দিয়েছেন। আর এই বার্তা এখন পুরো ভেনেজুয়েলার।’
দেলসি আরও বলেন, ভেনেজুয়েলায় শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্বের অধিকার রয়েছে।
এর আগে দেওয়া এক বিবৃতিতে দেলসি বলেন, বাহিনীকে নিষ্ঠুরভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র মাদুরোকে তুলে নিয়েছে। এই বিবৃতির তুলনায় পরবর্তী বিবৃতিতে দেলসিকে অনেকটাই সুর নরম করতে দেখা গেছে। খবর সিএনএনের
নিকোলা মাদুরো গুয়েরা—যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছেলে। সামরিক অভিযানে রাজধানী কারাকাস থেকে বাবাকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন তিনি। গুয়েরা এক ভিডিওবার্তায় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেছেন। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে গুয়েরা বলেন, ‘ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন।’ তিনি আরও বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল।’
স্থানীয় সময় শনিবার কারাকাস থেকে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এখন মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাঁদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার তাঁদের আদালতে তোলার কথা জানা গেছে।
মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য তিনি। ৩৫ বছর বয়সী গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


























