ওয়াশিংটন হিলটনে নৈশভোজের সময় বন্দুক হামলা: ট্রাম্প ও মেলানিয়া নিরাপদ
২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ এএম
ওয়াশিংটন হিলটন হোটেলের নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান। ছবি: নিউজনেশন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি অভিজাত হোটেলে সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে নৈশভোজ চলাকালীন বিকট শব্দে আকস্মিক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে তড়িঘড়ি করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অনুষ্ঠানস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, হোয়াইট হাউস সংবাদদাতাদের সম্মানে আয়োজিত ওই বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি যখন অতিথিদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, ঠিক তখনই হোটেলের ভেতর বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিবিসির প্রতিবেদনে একজন নিরাপত্তাকর্মীর বরাত দিয়ে জানানো হয়েছে, সেখানে অন্তত সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে।
রয়টার্সের একজন আলোকচিত্রী জানান, তিনি হোটেলের ভেতর থেকে চার থেকে ছয়টি প্রচণ্ড বিস্ফোরণ সদৃশ শব্দ শুনতে পান। তবে শব্দগুলো মূল ভোজনালয় থেকে কিছুটা দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে। গুলির শব্দ শোনার সাথে সাথেই সিক্রেট সার্ভিসের সদস্যরা দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে ঘিরে ধরেন এবং তাদের নিরাপদ স্থানে নিয়ে যান। এ সময় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা জীবন বাঁচাতে টেবিলের নিচে আশ্রয় নেন।
ঘটনার পরপরই হামলাকারীর অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও পরে ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি পরিষ্কার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে হামলাকারীর পরিচয় বা এই ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, সে সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
হোয়াইট হাউসের একজন সহকারী নিশ্চিত করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন।
সিক্রেট সার্ভিস পুরো হোটেল এলাকাটি বর্তমানে কর্ডন করে রেখেছে এবং সেখানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। ওয়াশিংটন পুলিশ ও ফেডারেল গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার তদন্ত শুরু করেছে।
এই হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝেও কীভাবে এ ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। হোয়াইট হাউস সংবাদদাতাদের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এমন নজিরবিহীন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।



























