পেন্টাগনের তথ্য মিথ্যা
যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত ব্যয় ১০০ বিলিয়ন ডলার: আরাঘচি
০২ মে ২০২৬, ০৯:৪৬ এএম
ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতায় পেন্টাগন যুদ্ধের প্রকৃত খরচের হিসাব গোপন করে ভুয়া তথ্য দিচ্ছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
শুক্রবার (১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ‘বিপজ্জনক জুয়ায়’ অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সরাসরি আর্থিক ক্ষতির পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
আরাঘচি উল্লেখ করেন, পেন্টাগন এর আগে এই ব্যয় মাত্র ২৫ বিলিয়ন ডলার বলে দাবি করেছিল। অর্থাৎ প্রকৃত ব্যয় সরকারি হিসাবের চেয়ে অন্তত চার গুণ বেশি। তিনি পেন্টাগনের দেওয়া তথ্যকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে বলেন, নেতানিয়াহুর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে প্রতিটি মার্কিন পরিবারকে মাসে প্রায় ৫০০ ডলার করে বাড়তি ব্যয়ের বোঝা বইতে হচ্ছে, যা দ্রুত বাড়ছে। পরোক্ষ খরচ হিসাব করলে এই অঙ্ক আরও আকাশচুম্বী হবে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই দাবিকে সমর্থন জোগাচ্ছে খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন-এর সাম্প্রতিক একটি প্রতিবেদন। সেখানেও পেন্টাগনের তথ্যকে ভুল উল্লেখ করে বলা হয়েছে, ইরান কেন্দ্রিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ব্যয় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলার হতে পারে। আরাঘচি সতর্ক করে বলেন, নিজের দেশের স্বার্থের চেয়ে ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়া খোদ আমেরিকার জন্যই বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এদিকে যুদ্ধের ভয়াবহতা ও প্রাণহানির পরিসংখ্যানও তুলে ধরেছে ইরান। দেশটির লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ১০ এপ্রিল পর্যন্ত এই সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্যানুযায়ী, যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালনকালে ২৬ জন চিকিৎসাকর্মী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১৮ জন।
বিপুল এই আর্থিক ক্ষতি ও প্রাণহানির ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি নীতির ব্যর্থতাকেই নির্দেশ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


























