রাজধানীতে শনিবার থেকে শুরু হচ্ছে কুরবানীর পশুর হাট
১৮ সেপ্টেম্বর ২০১৫, ০৬:২৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর গাবতলীতে স্থায়ী পশুর হাটের পাশাপাশি ১৬টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেওয়ার পর আজ থেকেই অস্থায়ী হাটগুলোতে গরু আসতে শুরু করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী শনিবার থেকে অস্থায়ী হাটগুলোতে পশু উঠার কথা থাকলেও তা আজ থেকেই শুরু হয়েছে।
এ জন্য অনুমোদিত প্রতিটি অস্থায়ী পশুর হাটের পাশেই গড়ে উঠেছে আর একটি সাবহাট। এই সব হাটগুলোতে আজ শুক্রবার থেকেই গরু আসতে শুরু করেছে। অর্থাৎ রাজধানীর ভিতরে এখন অস্থায়ী পশুর হাটের সংখ্যা দাঁড়িয়েছে ৩২টিতে।
অনুমোদিত অস্থায়ী হাটগুলোর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০টি ও উত্তর সিটি করপোরেশনে ৬টি পশুর হাট বসছে। এর মধ্যে রয়েছে- রামপুরার আফতাবনগর হাট, খিলগাঁও মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ। এছাড়া কমলাপুরের গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ধুপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, লালবাগের মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, জিগাতলা-হাজারীবাগ মাঠ ও লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠকে অস্থায়ীভাবে কোরবানির পশুর হাট হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও অনুমোদিত অস্থায়ী হাটগুলোতে আজ শুক্রবার কোন গরু রাখা না হলেও সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। ব্যবসায়ী, ঠিকাদাররা ও পরিচালনা কমিটির সবাই প্রস্তুত হাটে গরু তুলতে। প্রতিটি হাটে গরু বাধতে লাইন ধরে বাঁশের বেড়া ও খুঁটি বসানো হয়েছে। সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পিছনের অস্থায়ী গরুর হাটটিতে বাঁশের খুঁটি পুতে গরু ওঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ট্রাক বোঝাই করে গরু আসতেও দেখা গেছে হাটটিতে।





























