পৌরসভা নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে
০৭ ডিসেম্বর ২০১৫, ০৭:৪২ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সুরঞ্জিত সেনগুপ্ত মন্তব্য করেছেন আসন্ন পৌরসভা নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে।
৭ ডিসেম্বর সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, অনেকে বলেছেন এই নির্বাচনে ক্ষমতার বদল হবে না। এটা তেমন বড় ব্যাপার নয়। এই নির্বাচনে নৌকা-ধানের শীষের দেখা হবে, এটাই বড় ঘটনা। এই নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে।
তিনি বলেন, নূর হোসেনের মামলায় আবার প্রশ্ন করতে হবে। অবাধ, সুষ্ঠু বিচারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে মূল রহস্য বের করলেই শুধু চলবে না, দেশবাসীকে জানাতেও হবে।
বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, এখন কাজ হলো নির্বাচন। দেশের মানুষ নির্বাচন পাগল। সব ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। কথা পরিষ্কার, মুক্তিযুদ্ধ না জানলে এদেশে রাজনীতি করা যাবে না। যুদ্ধাপরাধী ও জামায়াত সঙ্গে নিয়ে এদেশে রাজনীতি করা যাবে না।
তিনি অভিযোগ করেন, কারণে অকারণে নির্বাচন কমিশনকে গালি দেওয়া ফ্যাশন হয়ে গেছে। সংসদ সদস্যদের বাদ দেওয়ার বিষয়ে অনেক বাধা সত্ত্বেও তাদের বাদ দিয়েছে। তাতে সরকারের দাবি তারা মানেনি। তারপরও আমরা বলছি- ঠিক আছে।
আমরা চাই, বিএনপিও আইনানুগ সহযোগিতা করবে। নির্বাচন কমিশন সততার সঙ্গে নিরপেক্ষ কাজ করছে। তাদের সহযোগিতা করা আমাদের কর্তব্য।





























