বিদায় বেলায় যে কথা বললেন হাছান মাহমুদ
১৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩৮ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিদায়ী বক্তব্য দিচ্ছেন ড. হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
নবগঠিত মন্ত্রী সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত এমপি। এরআগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বর্তমানে হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে প্রথম দিনের অফিস শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ আলী আরাফাত ও ড. হাছান মাহমুদ।
তথ্য মন্ত্রণালয় থেকে বিদায়ী বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমার দীর্ঘদিনের সহকর্মী, আমার ঘনিষ্টজনদের মধ্যে একজন মোহাম্মদ আলী আরাফাতকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি এ মন্ত্রণালয় সামলানোর ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন। একটু আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। বিদায় বেলায় একটি কথা বলব আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, ঠিক সেভাবেই তাকে (মোহাম্মদ আলী আরাফাত) সহযোগিতা করবেন।’
তিনি বলেন, ‘এই মন্ত্রণালয়টি সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সরকারের প্রচারের কাজ করে। জনগণ এবং সরকারের মধ্যে যে সেতুবন্ধন সেই সেতুবন্ধনের কাজ করে এই মন্ত্রণালয়। সুতরাং আপনারা যেভাবে আগে সততার সঙ্গে কাজ করেছেন তাকেও সেভাবেই সহায়তা করবেন এটিই আমার প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে খুশি যে আরাফাতকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।’
এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ড. হাছান মাহমুদ। তারও আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন ড. হাছান মাহমুদ। তিনি এই আসন থেকে এক লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
এদিকে মোহাম্মদ আলী আরাফাত বিগত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

















