ক্ষমতাসীনরা ভোট দিয়ে পছন্দমতো প্রতিনিধি বাছাইয়ের অধিকার কেড়ে নিয়েছে
২৩ জানুয়ারি ২০১৬, ০৫:৩৩ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করে বলেন, ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা ভোট দিয়ে নিজের পছন্দমতো প্রতিনিধি বাছাইয়ের অধিকার কেড়ে নিয়েছে।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ২৪ জানুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৬৯ সালের এ দিনে তদানীন্তণ পাকিস্তানী ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। গণআন্দোলন তীব্র আকার ধারণ করে পরিণত হয়েছিল গণঅভ্যূত্থানে। পতন নিশ্চিত হয়েছিলো স্বৈরশাসকের। আর এরই ধারাবাহিকতায় উন্মুক্ত হয়েছিলো আমাদের স্বাধীনতা অর্জনের পথ।
তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ভোটারবিহীন নির্বাচন করে ভোট দিয়ে নিজের পছন্দমতো প্রতিনিধি বাছাই করার অধিকার কেড়ে নেয়া হয়েছে।
স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।






























