ক্রীড়া উপদেষ্টার সাথে বিসিবি কর্মকর্তাদের পরিচয় পর্ব ভাইরাল

স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট ২০২৪, ০৩:১৫ পিএম


ক্রীড়া উপদেষ্টার সাথে বিসিবি কর্মকর্তাদের পরিচয় পর্ব ভাইরাল

বিসিবি পরিচালক জালাল ইউনুস ‘ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদে’র সামনে দাঁড়িয়ে পরিচয় দিচ্ছেন, ছবি: সংগৃহীত

 

প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পর গত রোববার (১১ আগস্ট) প্রথমবারের মতো অফিস করেন।

প্রথম দিনেই ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তার সঙ্গে ছিলেন সাতজন বোর্ড পরিচালক। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ছিল মূল আলোচনা।

আজ সোমবার (১২ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায় শুরুতে মন্ত্রণালয়ের নবনিযুক্ত তরুণ উপদেষ্টার সঙ্গে দাঁড়িয়ে পরিচালকদের পরিচয় করিয়ে দেন বিসিবির সিইও।

প্রথমে দাঁড়িয়ে সালাম দিয়ে নিজের পরিচয় দেন পরিচালক কাজী এনাম আহমেদ। এরপর একে একে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, মাহবুব আনাম, খালেদ মাহমুদ, আকরাম খানরা নিজের পরিচয় দেন।

এই পরিচয় পর্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরণের আলোচনা-সমালোচনা। অনেকে বলছেন আরও বিনয়ের পরিচয় দিতে পারতেন উপদেষ্টা। আবার কেউ কেউ  নিচ্ছেন আসিফ মাহমুদের পক্ষ। তারা  ক্রীড়া উপদেষ্টার আচরণে খারাপ কিছু দেখছেন না তারা।

উপদেষ্টা আসিফের আচরণে খারাপ কিছু দেখছেন না বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুও। গণমাধ্যমকে তিনি বলেন, ‘শুরুতে সিইও যখন পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর ইনাম প্রথমে দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করে। পরে ক্রমানুসারে জালাল ভাই, মাহবুব ভাই, ববি ভাই, আমি আর যারা আছে সবাই সেভাবেই করেছি। নতুন উপদেষ্টা প্রথম দিন অফিসে এসে সবার আগে আমাদের সঙ্গেই মিটিংয়ে বসেছিলেন, এটাই তো বড় সম্মান। এখন এটা নিয়ে উপদেষ্টাকে ব্লেম দেওয়ার কিছু নেই।’
 

Ads