আনোয়ার চৌধুরীর ওপর হামলা : ৩ জনের ফাঁসি ও ২জনের যাবজ্জীবন বহাল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৫৩ পিএম


আনোয়ার চৌধুরীর ওপর হামলা : ৩ জনের ফাঁসি ও ২জনের যাবজ্জীবন বহাল

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বাংলাদেশে প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে হামলার মামলায় নিম্ন আদালতের দেওয়া রায়ে ৩ জনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০০৪ সালে ২১ মে সিলেটের হজরত শাহজালাল (রহ)-এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

ঘটনার দিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে কোতোয়ালি থানা-পুলিশ। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৩১ জুলাই মুফতি হান্নানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
 
বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদণ্ড দেন। মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Ads