আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনভাবেই বরদাশত করা হবে না

নিজস্ব প্রতিবেদক

২০ মে ২০২৫, ০৮:৫৯ পিএম


আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনভাবেই বরদাশত করা হবে না

 

ইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনভাবেই বরদাশত করা হবেনা জানান ডিএমপি।

সোমবার (২০ মে) রাত অনুমান ১২টা ৩০ মিনিট জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন আসে রাজধানীর ধানমন্ডি থানার অধীন ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি বাড়ির গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে।

সংবাদ পাওয়ার পরপরই ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে উপস্থিত হয়ে দেখা যায়, প্রায় ১৫-২০ জন ব্যক্তি উক্ত বাড়িতে প্রবেশের চেষ্টা করছে। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করে এবং মোঃ গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মুচলেকা গ্রহণের পর অদ্য বিকেল ৩টা ৩০ মিনিটে (১৫.৩০ ঘটিকা) তাদের ছেড়ে দেওয়া হয়।

কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি করলে অথবা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে — বিষয়টি দ্রুত ৯৯৯ জাতীয় জরুরি সেবা অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি আরও জানায়, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ads