ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধে নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে- উপদেষ্টা রিজওয়ানা
২১ মে ২০২৫, ০২:১১ পিএম
শিল্প-খারখানায় বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন প্রথা বন্ধ করার নীতিমালা চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন- পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, এই নীতিমালা অনুসারে শিল্পে বিনামূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলনের প্রথা বন্ধ হবে।
আজ বুধবার (২১ মে) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বিশ্বব্যাংকের 2030 Water Resources Group এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো); পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত “Water Reuse and Recycle: Launching of National Alliance” শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
কিছুদিন আগে সুইডিশ সংস্থা (সিডা) একটি সভার আয়োজন করেছিল- যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিডব্লিউডিবি এবং কিছু আন্তর্জাতিক ব্র্যান্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এখন একটি ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে, যারা গার্মেন্টস অ্যাসোসিয়েশন, টেক্সটাইল অ্যাসোসিয়েশন-সহ বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করবে কীভাবে পানি ব্যবহার নিয়ন্ত্রণে আনা যায়, পুনর্ব্যবহার বাড়ানো যায়, এবং দূষিত পানি সরাসরি নদীতে ফেলা বন্ধ করা যায়। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের সক্ষমতাও বাড়াতে হবে, যেমন অনলাইন মনিটরিং চালু করা। ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত উত্তোলন বন্ধে এই কর্মপরিকল্পনা শীঘ্রই শুরু হবে।
তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি ‘শিল্পখাতে পানি ব্যবহারের নীতিমালা’ খসড়া প্রস্তুত করেছে। এখন ভূগর্ভস্থ পানিকে করপোরেট সেক্টর ফ্রি রিসোর্স হিসেবে নিচ্ছে, সেটা আর চলতে পারে না। পানি সীমাহীন নয়, আর জলবায়ু পরিবর্তনের এই যুগে বিনা মূল্যে ভূগর্ভস্থ পানি উত্তোলন চলতে পারে না।


















