শিগগিরই সব বিদ্যালয়ে মিড-ডে মিল চালু হবে- শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০২৬, ০৮:৫৩ এএম


শিগগিরই সব বিদ্যালয়ে মিড-ডে মিল চালু হবে- শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী


দেশের প্রাথমিক শিক্ষাকে আরও মানসম্মত, আকর্ষণীয় ও আনন্দময় করতে আগামী জুলাই মাসের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নিয়েছে সরকার।

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪-তলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবনে’র উদ্বোধনকালে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষা মানেই সারাদিন শুধু বই পড়া আর জিপিএ-৫ পাওয়া নয়। শিক্ষাকে হতে হবে আনন্দময়।" তিনি জানান, শিক্ষার্থীদের জন্য শিক্ষাজীবন সহজ ও আনন্দময় করতে সরকার ইতিমধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন ও সংশোধন কার্যক্রম শুরু করেছে। এছাড়া দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষার পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা চালুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে শত বছরের পুরনো বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পরিকল্পনাও সরকারের রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনার কথা উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, "বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে এবং পুষ্টি নিশ্চিত করতে শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড-ডে মিল' (দুপুরের খাবার) চালু করা হবে।"

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির সভাপতি ড. নুসরাত ফাতেমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।

 

Ads