গঙ্গার পানিবণ্টনে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ: এ্যানি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের পরিবর্তে ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শুষ্ক ও বর্ষা মৌসুমে পানির প্রয়োজন ও প্রাপ্যতা বিবেচনায় নিয়ে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রাপ্যতার ভিত্তিতে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় পানি পাওয়ার নিশ্চয়তা থাকা দরকার বলেও উল্লেখ করেন তিনি।
শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়া গেলে এবং চুক্তিতে গ্যারান্টি ক্লজ না থাকলে বাংলাদেশকে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হতে পারে বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী।
এ্যানি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদীদূষণের মূল কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বুড়িগঙ্গা নদীকে এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার বর্জ্যপানি তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। এর ফলে প্রতিবছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।




























