আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসির মুখোমুখি হতে হবে: রাশেদ খান

মুহাম্মদ ইসমাইল হাসান

২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম


আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসির মুখোমুখি হতে হবে: রাশেদ খান

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠনের কাজ সম্পন্ন না হলে ভবিষ্যতে আর এ সুযোগ নাও আসতে পারে। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে। তাঁর দাবি, একাত্তরের ঘাতক ও চব্বিশের পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে এক হয়েছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা হলে এর পরিণতি জামায়াত নেতাদের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন রাশেদ খান। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ও লংমার্চ নিয়েও সমালোচনা করেন তিনি।

জামায়াতের সংসদীয় ভূমিকা নিয়েও কথা বলেন রাশেদ খান। তাঁর ভাষ্য, জামায়াত এবার সংসদে বিরোধী দলের অবস্থানে থেকে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভার দায়িত্ব সরকারের সহযোগিতা করা ও যৌক্তিক সমালোচনা করা হলেও জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খান। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ads