হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: সংগৃহীত
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের শরীরে। একই সময়ে ২০ হাজার ৯৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
































