জাতিসংঘে বিশ্বমানুষের মনের কথা বলেছেন তারেক রহমান: রিজভী
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যে বিশ্বের শান্তিকামী মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জাতিসংঘে ফিলিস্তিনের পরিস্থিতি এবং রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়টি তুলে ধরে তারেক রহমান বিশ্বের মানুষের প্রত্যাশার কথাই বলেছেন। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার কথাও তিনি পুনর্ব্যক্ত করেছেন।
তিনি বলেন, জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে একটি পারিবারিক ধারাবাহিকতারও প্রতিফলন ঘটেছে। তার বাবা ১৯৮০ সালে এবং মা ১৯৯২ সালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
রিজভী আরও বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না। যুদ্ধ ও সংঘাতের কারণে খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ সরবরাহে সংকট তৈরি হয়, কলকারখানা বন্ধ হয়ে যায় এবং মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়।
তিনি দাবি করেন, বিএনপি ‘মিডনাইট নির্বাচন’-এর মাধ্যমে ক্ষমতায় আসেনি; অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে দলটি সরকার গঠন করেছে। বিএনপির সরকার মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষায় কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয়তাবাদী ওলামা দলকে বিএনপি সরকারের অংশ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশে পরিণত করতে বা তাবেদার রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দল মাঠে প্রতিরোধ গড়ে তুলবে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ে সক্রিয় থাকার আহ্বান জানান।
সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























