হামের উপসর্গে একদিনে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৬৫
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকই থাকছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত ১ হাজার ৮৪ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া, এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


































