আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম


আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ভুটানের স্পিকারের কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এ তথ্য জানান।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। আইপিইউর এ গ্রুপে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ রয়েছে।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও ভূমিকা আরও জোরালো হবে বলে আশা করছে জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে এ অঞ্চলের বিভিন্ন দেশের সংসদগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতেও বাংলাদেশের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমানে তানজানিয়ার আরুশায় অবস্থান করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫ থেকে ৯ অক্টোবর সেখানে ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলি ও সংশ্লিষ্ট বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Enhancing good governance and empowering communities through inclusivity, trust and opportunities for all’।

১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন। সম্মেলনে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু এবং সংসদীয় জবাবদিহিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে রওনা হন স্পিকার। তাঁর সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু এবং কয়েকজন সংসদ সদস্য।

আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলির শেষ দিন ৯ অক্টোবর গভর্নিং কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট তানজানিয়ার ড. তুলিয়া অ্যাকসনের তিন বছরের মেয়াদ অক্টোবরে শেষ হচ্ছে।

আইপিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত বিশ্বের জাতীয় সংসদগুলোর বৈশ্বিক সংগঠন। বর্তমানে এতে ১৮৩টি জাতীয় সংসদ সদস্য হিসেবে রয়েছে এবং সংগঠনটি সংসদগুলোর মধ্যে সহযোগিতা, সংলাপ, শান্তি, গণতন্ত্র ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে।

Ads