এশিয়ার বাজার ধরে রাখতে তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি আরব
০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত
এশিয়ার বাজারে নিজেদের অপরিশোধিত তেলের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী নভেম্বরের জন্য এশীয় ক্রেতাদের কাছে বিক্রি করা তেলের আনুষ্ঠানিক মূল্য গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো।
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত সৌদি আরামকোর মূল্য নির্ধারণসংক্রান্ত নথিতে এ তথ্য জানা গেছে। এর আগে বাজারভিত্তিক পূর্বাভাসে নভেম্বর মাসে মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক অনুযায়ী তেলের দাম সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পথে যায়নি সৌদি আরামকো।
এশিয়ার বাজারের জন্য নভেম্বরের আরব লাইট ক্রুডের অফিশিয়াল বিক্রয়মূল্য ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে ব্যারেলপ্রতি ৫ ডলার কম নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে নির্ধারিত দামের তুলনায় এটি ৩ ডলার কম। বাজার জরিপের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুনের পর এশিয়ার ক্রেতাদের জন্য এটিই সৌদি তেলের সবচেয়ে বড় মূল্যছাড়।
আরব লাইটের পাশাপাশি এশীয় বাজারে সরবরাহ করা আরব মিডিয়াম ও আরব হেভি গ্রেডের তেলের দামও ব্যারেলপ্রতি ৫ ডলার কমিয়েছে সৌদি আরামকো।
বাজারসংশ্লিষ্টদের মতে, এশিয়ায় ক্রেতাদের ধরে রাখার পাশাপাশি সাম্প্রতিক পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব কমাতেই মূল্য কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। বিশেষ করে সমুদ্রপথে অপরিশোধিত তেল পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ায় এশীয় ক্রেতাদের অতিরিক্ত খরচের মুখে পড়তে হচ্ছে।
লোহিত সাগর ও হরমুজ প্রণালির আশপাশে তেলবাহী ট্যাংকারের ভাড়া সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সরবরাহ ব্যয় বাড়ছে। একই সঙ্গে ইরানকে ঘিরে সংঘাতের কারণে আঞ্চলিক রপ্তানি ও পরিবহন ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কাও রয়েছে।
এশিয়ার জন্য দাম কমানোর বিপরীতে ইউরোপের বাজারে বাড়তি মূল্য নির্ধারণ করেছে সৌদি আরামকো। উত্তর-পশ্চিম ইউরোপের ক্রেতাদের জন্য নভেম্বর মাসে সব গ্রেডের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার বাড়ানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নভেম্বরের তেলের দাম অপরিবর্তিত রেখেছে সৌদি আরামকো।
































