জামিন মেলেনি মির্জা ফখরুলের
২২ নভেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ আদেশ দেন।
এদিন আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
গত ২০ নভেম্বর মামলাটি জামিন শুনানির জন্য ছিল। তবে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। আদালত সময় আবেদন মঞ্জুর করে আজ পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিনের আবেদন দাখিল করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদদীন মোজবাহ। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশান-২’র ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।





















