ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার আবেদন
১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১৩ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করে তিনি এ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
আবেদনে রুমিন ফারহানা বলেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তাকে ‘লেডি মীরজাফর’সহ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে রুমিন ফারহানাকে অপমানিত করে না, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও ক্ষুণ্ন করে।
এতে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না; এটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। তাই রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আবেদনে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ব্যারিস্টার রুমিন ফারহানা।

































