ঢাকার দুই সিটিতে নির্বাচনে জামায়াত, প্রার্থী সেলিম ও সাদিক

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম


ঢাকার দুই সিটিতে নির্বাচনে জামায়াত, প্রার্থী সেলিম ও সাদিক

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে। সাংগঠনিকভাবে প্রার্থী মনোনয়ন করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে—ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জোটের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছিল। গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে এখনো ১১ দল ঐক্যবদ্ধ রয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ প্রার্থী নিয়ে নির্বাচন করবে। এখানে জোটগত কোনো প্রার্থী থাকবে না।

Ads