দেশের জনগণ আ.লীগের রাজনীতি আর মেনে নেবে না: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম


দেশের জনগণ আ.লীগের রাজনীতি আর মেনে নেবে না: রাশেদ খাঁন

ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় জাতি আজ ঐক্যবদ্ধ। তবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও থামেনি।

শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জীবনমানের উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপি জনগণের সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সরকার।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছে। কিন্তু ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে তারা আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।

এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরকারের পাশে থাকার আহ্বান জানান।

রাশেদ খাঁন বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধ জাতি ও দেশ গঠনে যেসব পরিকল্পনা সামনে আনছেন, তা প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবার একসঙ্গে কাজ করা উচিত।

এর আগে রাশেদ খাঁন ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads